একসময় কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে হলে নির্দিষ্ট কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হতো। নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষকের কাছ থেকে সরাসরি শেখাই ছিল জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। কিন্তু প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে।
স্মার্টফোন, দ্রুতগতির ইন্টারনেট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম শিক্ষার সুযোগকে নিয়ে গেছে মানুষের হাতের মুঠোয়। এখন ঘরে বসেই বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞদের কাছ থেকে শেখা যায়। শুধু শেখাই নয়, নিজের জানা বিষয় অন্যদের শেখিয়েও তৈরি করা যায় আয়ের সুযোগ।
এই পরিবর্তনের সঙ্গে তৈরি হয়েছে নতুন ধরনের পেশা—অনলাইন স্কিল ট্রেইনার বা ডিজিটাল মেন্টর। কোনো নির্দিষ্ট বিষয়ে নিজের জ্ঞান, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনলাইনে অন্যদের প্রশিক্ষণ দিয়ে আয় করাই এই পেশার মূল ধারণা। তরুণদের জন্য এটি চাকরির পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি করার পাশাপাশি ভবিষ্যতে স্বাধীন ক্যারিয়ার গড়ার পথও খুলে দিতে পারে।
অনলাইন স্কিল ট্রেইনার কী করেন?
সহজ ভাষায়, যিনি অনলাইনের মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয়ে নিজের জ্ঞান ও দক্ষতা অন্যদের শেখান এবং এর বিনিময়ে আয় করেন, তিনিই একজন অনলাইন স্কিল ট্রেইনার।
এ পেশায় কাজ করতে হলে বড় কোনো প্রতিষ্ঠানের মালিক হওয়া বা একাধিক একাডেমিক ডিগ্রি থাকা বাধ্যতামূলক নয়। বরং যে বিষয়টি শেখানো হবে, সে বিষয়ে ভালো ধারণা, বাস্তব কাজের অভিজ্ঞতা এবং জটিল বিষয়কে সহজভাবে বোঝানোর সক্ষমতাই বেশি গুরুত্বপূর্ণ।
উদাহরণ হিসেবে বলা যায়, একজন গ্রাফিক ডিজাইনার অনলাইনে ডিজাইন শেখাতে পারেন। একজন ভিডিও নির্মাতা ভিডিও এডিটিংয়ের প্রশিক্ষণ দিতে পারেন। আবার সাংবাদিকতা বা কনটেন্ট তৈরির অভিজ্ঞতা থাকা কেউ মোবাইল সাংবাদিকতা, সংবাদ লেখা কিংবা ডিজিটাল কনটেন্ট তৈরির ওপর কোর্স পরিচালনা করতে পারেন।
অর্থাৎ আপনার এমন কোনো দক্ষতা থাকলে, যা অন্য কারও শেখার প্রয়োজন রয়েছে, সেটিকেই প্রশিক্ষণের বিষয় হিসেবে বেছে নেওয়া সম্ভব।
কোন কোন বিষয়ে অনলাইন কোর্স তৈরি করা যায়?
অনলাইনে শেখানোর ক্ষেত্র এখন অনেক বড়। বিশেষ করে চাকরি, ফ্রিল্যান্সিং এবং উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যেসব দক্ষতার চাহিদা রয়েছে, সেসব বিষয়ে প্রশিক্ষণ দিয়ে ভালো সম্ভাবনা তৈরি করা যায়।
গ্রাফিক ডিজাইন ও ভিজ্যুয়াল কনটেন্ট
ডিজিটাল কনটেন্টের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাফিক ডিজাইনের প্রয়োজনও বেড়েছে। ক্যানভা বা অন্যান্য ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, নিউজ কার্ড, থাম্বনেইল, ইনফোগ্রাফিক কিংবা বিজ্ঞাপনের ডিজাইন তৈরি করতে হয়, তা শেখানো যেতে পারে।
সংবাদমাধ্যম, করপোরেট প্রতিষ্ঠান, অনলাইন ব্যবসা এবং ব্যক্তিগত ব্র্যান্ড—সব ক্ষেত্রেই এখন নিয়মিত ভিজ্যুয়াল কনটেন্ট প্রয়োজন হয়।
মোবাইল সাংবাদিকতা ও ভিডিও এডিটিং
স্মার্টফোন এখন শুধু যোগাযোগের যন্ত্র নয়। এটি দিয়ে ভিডিও ধারণ, সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনার কাজও করা যায়।
মোবাইল সাংবাদিকতা বা মোজো শেখানোর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের স্মার্টফোন ব্যবহার করে ভালো ভিডিও ধারণ, সাক্ষাৎকার নেওয়া, মোবাইল অ্যাপে ভিডিও এডিটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের উপযোগী কনটেন্ট তৈরির কৌশল শেখানো সম্ভব।
ডিজিটাল মার্কেটিং
অনলাইন ব্যবসা ও ই-কমার্সের বিস্তারের কারণে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদাও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, বিজ্ঞাপন পরিচালনা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও—এসব বিষয় নিয়েও অনলাইন প্রশিক্ষণ দেওয়া যায়।
কনটেন্ট রাইটিং ও ভাষা শিক্ষা
ভালো লেখার দক্ষতা থাকলে কনটেন্ট রাইটিং শেখানো যেতে পারে। একইভাবে ইংরেজিতে ভালো দক্ষতা থাকলে স্পোকেন ইংলিশ, লেখালেখি বা যোগাযোগ দক্ষতার ওপর কোর্স তৈরি করা সম্ভব।
এ ছাড়া কোডিং, ফটোগ্রাফি, ভিডিও প্রোডাকশন, ডেটা অ্যানালাইসিস, গবেষণা এবং এসপিএসএসের মতো সফটওয়্যার ব্যবহারের ওপরও প্রশিক্ষণ দেওয়ার সুযোগ রয়েছে।
অনলাইন স্কিল ট্রেইনার হিসেবে শুরু করবেন যেভাবে
শুরুতেই বড় বিনিয়োগের প্রয়োজন নেই। প্রথম কাজ হলো নিজের দক্ষতার জায়গাটি পরিষ্কারভাবে চিহ্নিত করা।
নিজেকে প্রশ্ন করুন—কোন কাজটি আমি ভালোভাবে করতে পারি? কোন বিষয়ে আমার বাস্তব অভিজ্ঞতা রয়েছে? আর কোন বিষয়টি অন্য কাউকে সহজভাবে শেখাতে পারব?
এই তিনটি প্রশ্নের উত্তর থেকেই প্রশিক্ষণের বিষয় নির্বাচন করা সহজ হবে।
এরপর নির্ধারণ করতে হবে আপনার সম্ভাব্য শিক্ষার্থী কারা। যেমন, আপনি যদি মোবাইল ভিডিও এডিটিং শেখাতে চান, তাহলে নতুন ফ্রিল্যান্সার, শিক্ষার্থী বা কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে কোর্স তৈরি করতে পারেন।
গুছিয়ে তৈরি করুন কোর্স মডিউল
শুধু কোনো বিষয় জানা থাকলেই ভালো প্রশিক্ষক হওয়া যায় না। কীভাবে বিষয়টি ধাপে ধাপে শেখাতে হবে, সেটিও গুরুত্বপূর্ণ।
তাই কোর্স তৈরির আগে একটি পরিষ্কার মডিউল তৈরি করুন। কোন ক্লাসে কী শেখানো হবে, কোন বিষয় আগে আসবে, পরের ধাপে কী থাকবে এবং শিক্ষার্থী কোর্স শেষে কী শিখবে—সবকিছু আগে ঠিক করে নেওয়া ভালো।
ধরা যাক, আপনি ভিডিও এডিটিং শেখাচ্ছেন। তাহলে প্রথম ক্লাসে সফটওয়্যার পরিচিতি, পরের ক্লাসে ভিডিও কাটিং, এরপর ট্রানজিশন, অডিও, টেক্সট, কালার এবং সবশেষে একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট রাখতে পারেন।
এভাবে সাজানো কোর্স শিক্ষার্থীর জন্য শেখার পথ সহজ করে দেয়।
শুরুতে দামি যন্ত্রপাতির প্রয়োজন নেই
অনলাইন কোর্স তৈরি করতে অনেকেই মনে করেন দামি ক্যামেরা, স্টুডিও বা অত্যাধুনিক সরঞ্জাম দরকার। বাস্তবে শুরুতেই এত বড় বিনিয়োগের প্রয়োজন নেই।
ভালো আলো, পরিষ্কার শব্দ এবং একটি মানসম্মত স্মার্টফোন দিয়েই শুরু করা সম্ভব। প্রয়োজনে স্ক্রিন রেকর্ডিং, স্লাইড, গ্রাফিকস এবং বাস্তব উদাহরণ ব্যবহার করে ক্লাসকে আরও আকর্ষণীয় করা যায়।
তবে ভিডিওর মানের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শেখানোর মানকে। শিক্ষার্থী যেন ক্লাস দেখে বিষয়টি বুঝতে পারে, সেটিই হওয়া উচিত মূল লক্ষ্য।
ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করুন
একজন নতুন অনলাইন ট্রেইনারের জন্য শুধু কোর্স তৈরি করাই যথেষ্ট নয়। মানুষকে জানাতে হবে আপনি কী শেখান এবং কেন আপনার কাছ থেকে শেখা উচিত।
এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগানো যায়। নিয়মিত ছোট টিউটোরিয়াল, প্রয়োজনীয় টিপস, সমস্যার সমাধান, শিক্ষামূলক ভিডিও কিংবা নিজের কাজের উদাহরণ প্রকাশ করুন।
প্রথমদিকে বিনামূল্যে কিছু ভালো কনটেন্ট প্রকাশ করলে মানুষের মধ্যে আপনার দক্ষতা সম্পর্কে ধারণা তৈরি হবে। ধীরে ধীরে সেখান থেকেই সম্ভাব্য শিক্ষার্থী তৈরি হতে পারে।
চাকরির পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ
অনলাইন স্কিল ট্রেইনার হওয়ার অন্যতম সুবিধা হলো কাজের সময়ের নমনীয়তা। একজন চাকরিজীবী, শিক্ষার্থী বা ফ্রিল্যান্সার নিজের মূল কাজের পাশাপাশি প্রশিক্ষণ পরিচালনা করতে পারেন।
লাইভ ক্লাস নেওয়ার পাশাপাশি রেকর্ডেড কোর্স তৈরি করেও আয় করা যায়। একটি ভালো কোর্স তৈরি হলে সেটি একাধিক শিক্ষার্থীর কাছে বিক্রি করা সম্ভব।
তবে রেকর্ডেড কোর্স মানেই সম্পূর্ণ নিষ্ক্রিয় আয়—এমন ধারণা ঠিক নয়। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়া, কোর্সের তথ্য আপডেট করা, নতুন উদাহরণ যোগ করা এবং প্রচারণা চালানোর জন্য নিয়মিত সময় দিতে হয়।
শিক্ষার্থীর ফলাফলই তৈরি করবে আপনার পরিচিতি
একজন অনলাইন ট্রেইনারের সাফল্য শুধু কতজন শিক্ষার্থী কোর্স কিনেছেন, তার ওপর নির্ভর করে না। শিক্ষার্থীরা কোর্স করে কী শিখেছে এবং বাস্তবে সেই দক্ষতা কতটা কাজে লাগাতে পেরেছে, সেটিও গুরুত্বপূর্ণ।
তাই প্রশিক্ষণের শেষে বাস্তবভিত্তিক অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট বা অনুশীলনের ব্যবস্থা করা যেতে পারে। শিক্ষার্থীরা ভালো ফল পেলে তাদের অভিজ্ঞতা বা মতামত ভবিষ্যতে নতুন শিক্ষার্থীদের কাছে আপনার কোর্সের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করবে।
নিজের দক্ষতাকেই বানান আয়ের উৎস
ডিজিটাল অর্থনীতির বিস্তারের ফলে এখন ক্যারিয়ার গড়ার পথ শুধু প্রচলিত চাকরির মধ্যে সীমাবদ্ধ নেই। নিজের দক্ষতাকে ব্যবহার করে সেবা দেওয়া, কোর্স তৈরি করা কিংবা অন্যদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগও বাড়ছে।
অনলাইন স্কিল ট্রেইনার পেশা সেই নতুন সম্ভাবনারই একটি উদাহরণ। আপনার কোনো বিষয়ে ভালো দক্ষতা থাকলে এবং সেটি সহজভাবে অন্যদের শেখাতে পারলে, সেই জ্ঞানকে একটি ডিজিটাল পণ্য বা প্রশিক্ষণ কার্যক্রমে রূপ দেওয়া সম্ভব।
আজ যে দক্ষতাটি আপনি নিজের ক্যারিয়ারে ব্যবহার করছেন, সেটিই হয়তো আগামী দিনে অন্য অনেক মানুষের ক্যারিয়ার তৈরির মাধ্যম হতে পারে। তাই শেখার পাশাপাশি শেখানোর দক্ষতা তৈরি করাও হতে পারে ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

