ফুটবল মাঠের বিতর্কিত মন্তব্যের কারণে আগেই আলোচনায় এসেছিলেন মিশরের কোচ হোসাম হাসান। বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারের পর মেসিদের বিরুদ্ধে ‘ম্যাচ চুরি’র অভিযোগ তুলে তুমুল বিতর্ক তৈরি করেছিলেন তিনি। এবার অবশ্য ফুটবল নয়, ব্যক্তিগত জীবনের এক অদ্ভুত ঘটনায় ফের খবরের শিরোনামে ৬০ বছর বয়সি এই কোচ।
ছুটিতে গিয়ে নিজের দুই স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলার মাঝে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে হোসাম হাসানকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে শেষ পর্যন্ত জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। হাসপাতালে জ্ঞান ফেরার পরই নাকি প্রথম স্ত্রীকে বিবাহবিচ্ছেদ দেওয়ার সিদ্ধান্ত নেন মিশরের এই কোচ।
জানা গেছে, মিশরের উত্তরাঞ্চলে ছুটি কাটাতে গিয়েছিলেন হোসাম হাসান। সেখানে তাঁর সঙ্গে ছিলেন দ্বিতীয় স্ত্রী দিনা মোস্তাফা, যিনি ড্যান অ্যাডাম নামেও পরিচিত।
হোটেলের একটি ক্যাফেতে দু’জনে বসে থাকার সময় সেখানে হাজির হন হোসামের প্রথম স্ত্রী হোয়াইদা আল-ঘারবাই এবং তাঁর সন্তানরা। এরপর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
প্রথমে বিষয়টি ছিল বচসার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতিতে গড়ায়।
দ্বিতীয় স্ত্রী দিনা মোস্তাফার দাবি, ঝামেলার এক পর্যায়ে তাঁর দিকে গরম কফি ছুড়ে মারা হয়। এরপর তিনিও পাল্টা প্রতিক্রিয়া দেখান।
তাঁর দাবি অনুযায়ী, পরিস্থিতি সামলাতে গিয়ে দুই পক্ষের মধ্যে থাপ্পড় ও চুল টানাটাটির মতো ঘটনা ঘটে। হোটেলের ক্যাফের পরিবেশ মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে।
এমন পরিস্থিতিতে হোসাম হাসান দুই স্ত্রীকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দুই পক্ষের ঝামেলা থামাতে গিয়ে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে পড়ে যান হোসাম। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।
তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর জ্ঞান ফেরে তাঁর। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ঘটনার পরই ব্যক্তিগত জীবনের এই জটিল পরিস্থিতির একটি কঠিন সমাধান বেছে নেন হোসাম। প্রথম স্ত্রী হোয়াইদা আল-ঘারবাইকে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ দিয়েছেন বলে জানা গেছে।
তবে বিবাহবিচ্ছেদের বিষয়ে হোয়াইদার আইনজীবী কোনো মন্তব্য করতে রাজি হননি।
হোয়াইদা আল-ঘারবাইয়ের সঙ্গে হোসাম হাসানের বিয়ে বহু বছরের পুরনো। তবে তাঁদের সম্পর্কে এর আগেও টানাপোড়েন দেখা দিয়েছিল।
২০২২ সালে দু’জনের বিচ্ছেদ হয়েছিল বলে জানা যায়। সেই বিচ্ছেদ অবশ্য মাত্র ১০ দিন স্থায়ী হয়েছিল। পরে দু’জনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়।
এবার ফের সম্পর্কে বড় ধরনের সংকট তৈরি হল। দুই স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনার পরই প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার খবর সামনে এসেছে।
মিশরের প্রচলিত আইনে মুসলিম পুরুষদের একাধিক বিয়ের সুযোগ রয়েছে। একজন মুসলিম পুরুষ একই সময়ে সর্বোচ্চ চারজন স্ত্রী রাখতে পারেন।
তবে এর সঙ্গে কিছু আইনি শর্তও রয়েছে। অন্য স্ত্রীদের বিষয়টি জানানো এবং স্ত্রীদের সঙ্গে সমান আচরণ করার বিষয়টি আইনে গুরুত্ব পায়।
হোসাম হাসানের ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক ঘটনা সেই বহুবিবাহের পারিবারিক জটিলতাকেই নতুন করে আলোচনায় এনেছে।
হোসাম হাসান শুধু ব্যক্তিগত জীবনের এই ঘটনার জন্যই আলোচনায় নেই। বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচের পর তাঁর মন্তব্য নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।
মিশর সেই ম্যাচে একসময় ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে যায় তারা।
ম্যাচের পর ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টিনা ও ফিফার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন হোসাম। তাঁর দাবি ছিল, আর্জেন্টিনা ম্যাচের বিভিন্ন পর্যায়ে ফিফার সহায়তা পেয়েছে এবং মেসিকে আরও কিছুক্ষণ মাঠে রাখার জন্যই নাকি এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল।
হোসামের সেই মন্তব্যের পর ফুটবল মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। এবার দুই স্ত্রীর মারামারির ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর আবারও সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন মিশরের এই কোচ।
ফুটবল মাঠের বিতর্ক থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নাটকীয় ঘটনা—৬০ বছর বয়সি হোসাম হাসানকে ঘিরে আলোচনার যেন শেষই হচ্ছে না।
Discover more from News Bangla24x7
Subscribe to get the latest posts sent to your email.

