বলিউড সুপার স্টার শাহরুখ খান-পুত্র আরিয়ান খানের পরিচালনায় প্রথম সিরিজ ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। গত বছর এই সিরিজের মাধ্যমে পরিচালনায় অভিষেক হয় শাহরুখ পুত্র আরিয়ানের। প্রথম কাজেই বলিউডের অন্দরমহলের নানা গল্প, তারকাখ্যাতির ঝলকানি এবং চলচ্চিত্রজগতের পরিচিত কিছু বিষয়কে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরে নজর কাড়েন তিনি।
সিরিজটির সাফলতার পর থেকেই স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে দ্বিতীয় সিজন নিয়ে । আর সেই জল্পনাতেই আরও জোরালো ইঙ্গিত মিলল। সিরিজটির লেখক বিলাল সিদ্দীকি জানিয়েছেন, ‘দ্য ব্যাড্স অফ বলিউড ২’ নিয়ে নেটফ্লিক্স এবং রেড চিলিজ এন্টারটেনমেন্টের মধ্যে আলোচনা চলছে।
‘আওয়ারাপন ২’-এর সাফল্য নিয়ে ব্যস্ততার মধ্যেই এক সাক্ষাৎকারে দ্বিতীয় সিজন প্রসঙ্গে মুখ খোলেন বিলাল সিদ্দীকি। তাঁর বক্তব্যে স্পষ্ট, নতুন সিজন নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা না হলেও আলোচনা চলছে।
বিলাল বলেন, তিনি নিজেও দ্বিতীয় সিজনের ব্যাপারে আশাবাদী। রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও নেটফ্লিক্সের মধ্যে বিষয়টি নিয়ে কথাবার্তা চলছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই পক্ষের আলোচনা শেষ হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তাঁর কথায়, প্রথম সিজনে কাজ করে তাঁরা দারুণ কিছু তৈরি করতে পেরেছিলেন। আবার একই দলের সঙ্গে কাজ করার সুযোগ পেলে তাঁরা আনন্দিত হবেন।
‘দ্য ব্যাড্স অফ বলিউড’ শুধু একটি বিনোদনধর্মী সিরিজ ছিল না। বলিউডের চাকচিক্যের আড়ালে থাকা বিভিন্ন টানাপড়েন এবং চলচ্চিত্রজগতের পরিচিত কিছু বিষয়কে হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে তুলে ধরা হয়েছিল সিরিজটিতে।
মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন লক্ষ্ম্য, ববি দেওল ও রাঘব জুয়াল। পাশাপাশি একাধিক তারকার ক্যামিও উপস্থিতিও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।
সিরিজটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় তা নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে বলিউডের প্রচলিত কিছু ধারণাকে মজার ছলে তুলে ধরার বিষয়টি দর্শকদের নজর কাড়ে।
প্রথম সিজনে আরিয়ান খানের সঙ্গে বিলাল সিদ্দীকি এবং মানব চৌহান যৌথভাবে চিত্রনাট্য লেখেন। আরিয়ানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন বিলাল।
তিনি জানান, তিনজনের চলচ্চিত্র নিয়ে পছন্দ-অপছন্দ এবং রসবোধের মধ্যে বেশ মিল ছিল। ফলে গল্প তৈরি ও তা পর্দায় উপস্থাপনের ক্ষেত্রে তাঁদের মধ্যে বোঝাপড়া ভালো ছিল।
বিলালের মতে, আরিয়ানের চিন্তাভাবনা বেশ পরিষ্কার। চারপাশে কী ঘটছে, সে বিষয়ে তিনি সচেতন এবং তাঁর রসবোধও শক্তিশালী। গল্প কীভাবে বলা হবে, সেই জায়গাতেও তাঁদের মধ্যে যথেষ্ট মিল ছিল।
আরিয়ানের সঙ্গে কাজের সময় বড় কোনো মতবিরোধ হয়নি বলেও জানিয়েছেন বিলাল। তাঁর মতে, লেখক ও পরিচালকের মধ্যে সুস্থ সম্পর্ক থাকায় কাজের পরিবেশও ইতিবাচক ছিল।
বিলাল মনে করেন, তাঁদের পারস্পরিক বোঝাপড়ার প্রভাব পর্দায়ও দেখা গেছে। গল্প বলার ধরন নিয়ে দীর্ঘদিনের আলোচনা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রথম সিজনের কাজে সহায়তা করেছে।
এই মুহূর্তে দ্বিতীয় সিজনের মুক্তির তারিখ বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ্যে আসেনি। তবে নেটফ্লিক্স ও রেড চিলিজ এন্টারটেনমেন্টের মধ্যে আলোচনা চলার খবর প্রকাশ্যে আসায় দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে।

