বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,২৫ আগষ্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের ২০২৫-২০২৬ সেশনের নবাগত শিক্ষার্থী আদিবা সাহার এর অকাল মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এছাড়াও শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
এক শোকবার্তায় যবিপ্রবি উপাচার্য বলেন, আদিবা সাহার মতো একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। সে কেবল তার উচ্চশিক্ষার পথ চলা শুরু করেছিল। তার এই অকাল মৃত্যুতে যবিপ্রবি পরিবার একজন মেধাবী শিক্ষার্থীকে হারাল এবং তার পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। যবিপ্রবি উপাচার্য তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরম করুণাময়ের নিকট তার আত্মার শান্তি ও জান্নাত কামনা করেন।
সিডিএম বিভাগের নবাগত এই শিক্ষার্থী সম্প্রতি হেমোরোজিক ডেঙ্গু ফিভারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৬ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত ঢাকায় দুইটি ভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করা হয়। অবশেষে গত ২৪ আগস্ট রাত ৯.২০ মিনিটে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, ভবন-৪ এর আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

