মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্তের পরই তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের সময় ও স্থান চূড়ান্ত করা হবে।
এদিকে দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য প্রয়োজনীয় আবেদন ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তার আইনজীবী এবং স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন।
বুধবার (১৯ আগস্ট) সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজের মৃত্যু হয়। তবে তার জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, সে বিষয়ে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে স্ট্রোক করার পর থেকেই তৌফিক নেওয়াজ চিকিৎসাধীন ছিলেন। গত ২৭ মে হুইল চেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে এসেছিলেন স্বজনরা।
তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তার মৃত্যুর পর স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়টি সামনে এসেছে।
দীপু মনির আইনজীবী ও স্বজনরা জানিয়েছেন, প্যারোলে মুক্তির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে তারা মুন্সীগঞ্জে অবস্থান করছেন। কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে তিনি স্বামীর জানাজা ও দাফনে অংশ নিতে পারবেন কি না।
দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হলে তার স্বামীর জানাজা ও দাফনের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এ কারণে প্যারোলের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হচ্ছে না।
Discover more from News Bangla24x7
Subscribe to get the latest posts sent to your email.

