মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকায় পৌঁছাবেন। এটি বাংলাদেশে তার প্রথম সফর। তিন দিনের এই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় পৌঁছানোর পর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন সার্জিও গোর। পরে রাতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অর্থমন্ত্রীর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং সেখানে চলমান পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে ধারণা নেবেন।
সফরের শেষ দিন শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন সার্জিও গোর। বৈঠক শেষে দুপুরে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
এর আগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সম্প্রতি ম্যানিলায় সার্জিও গোরের সঙ্গে তার বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক পর্যালোচনা করা হয়েছে এবং উভয় দেশই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সার্জিও গোর শুধু ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধিও। বাংলাদেশ সফরে তিনি বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবেন এবং রোহিঙ্গা সংকট সম্পর্কে আরও বিস্তারিত জানবেন।
কূটনৈতিক সূত্রের মতে, সফরকালে চীনের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক, বিশেষ করে মিয়ানমার হয়ে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর নিয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকতে পারে। পাশাপাশি বাণিজ্য সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এবং আঞ্চলিক ভূরাজনীতি নিয়েও আলোচনা হতে পারে।

