সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন তার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান। এ বিষয়ে তিনি সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
আবেদনে ওবায়দুর রহমান দাবি করেন, তিনি দীর্ঘদিন সংসদ সদস্যের গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি এমপির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবগত হন। এসব তথ্য প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানার উত্তর কালশী এলাকায় তার ওপর হামলা চালানো হয়। আলীনগরের ‘রোজ গার্ডেন টাওয়ার-২’-এর একটি ফ্ল্যাটে অবস্থানকালে পুলিশের সাবেক এসআই আমিন, মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ নামে তিন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা করেন বলে অভিযোগ করেন তিনি। পরে তার মা ও ছোট বোনের সহায়তায় তিনি সেখান থেকে উদ্ধার হন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।
ওবায়দুর রহমানের দাবি, হামলার পেছনে মূল নির্দেশদাতা সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, দায়িত্ব পালনকালে এমপির দুর্নীতি, জমি দখল, বালুমহাল নিয়ন্ত্রণ এবং ঘুষ গ্রহণসহ বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তিনি অবগত হয়েছেন।

এছাড়া আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, এমপি গাজী নজরুল ইসলাম একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীদের নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এসব ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। এসব তথ্য প্রকাশ হওয়ার আশঙ্কায় তাকে প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে বলে তার ধারণা।
বর্তমানে আত্মগোপনে থাকা ওবায়দুর রহমান জানান, হামলার পর থেকে তিনি ও তার পরিবার নিয়মিত হুমকি পাচ্ছেন। এ অবস্থায় তিনি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নামে প্রচারিত কিছু বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছিল। সেই বিতর্কের মধ্যেই তার সাবেক ব্যক্তিগত সহকারীর এই লিখিত অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে এই অভিযোগগুলোর বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

