সিরাজগঞ্জ জেলায় আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই জেলার বিভিন্ন উপজেলায় ১২০ জন মানুষ আত্মহত্যা করেছেন। এই সংখ্যা কেবল একটি পরিসংখ্যান নয়; প্রতিটি ঘটনার সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের অপূরণীয় ক্ষতি, স্বপ্নভঙ্গ এবং দীর্ঘস্থায়ী মানসিক বেদনা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নিহতদের বড় একটি অংশ তরুণ ও তরুণী, যা ভবিষ্যৎ প্রজন্মের মানসিক সুস্থতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।
বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, মানসিক চাপ, সম্পর্কের জটিলতা, সামাজিক বিচ্ছিন্নতা, সাইবার বুলিং এবং ভবিষ্যৎ নিয়ে হতাশা এসব কারণ একসঙ্গে কাজ করে অনেককে চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। তাদের মতে, আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং সামাজিক সহমর্মিতা বাড়ানো এখন সময়ের দাবি।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সিরাজগঞ্জে মোট ১২০ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৫২ জন নারী।
এই পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতি মাসে গড়ে প্রায় ২০ জন এবং প্রতি সপ্তাহে প্রায় পাঁচজন মানুষ আত্মহত্যা করেছেন। নিহতদের অধিকাংশের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। পাশাপাশি ১৩ থেকে ১৮ বছর বয়সী কয়েকজন কিশোরীর মৃত্যুও সংশ্লিষ্টদের বিশেষভাবে উদ্বিগ্ন করেছে।
সমাজবিজ্ঞানীদের মতে, এই বয়সে মানুষ শিক্ষা, চাকরি, সম্পর্ক, পরিবার এবং সামাজিক প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এসব চাপ অনেক সময় মানসিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলে।
বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলোর তদন্তে কয়েকটি সাধারণ কারণ উঠে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো,পারিবারিক কলহ ও দাম্পত্য দ্বন্দ্ব,
অর্থনৈতিক সংকট ও ঋণের চাপ,প্রেম ও সম্পর্কজনিত হতাশা,পছন্দের মানুষকে বিয়ে করতে না পারা,সামাজিক অপমান ও পারিবারিক চাপ,সাইবার বুলিং ও অনলাইন হয়রানি এবং দীর্ঘদিনের মানসিক অবসাদ ও একাকীত্ব।
বিশেষজ্ঞদের মতে, এসব সমস্যার অধিকাংশেরই সমাধান সম্ভব। কিন্তু সংকটের সময়ে প্রয়োজনীয় মানসিক সহায়তা ও পরামর্শের অভাবে অনেকেই আবেগপ্রবণ হয়ে অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
সমাজবিজ্ঞানীরা মনে করেন, যৌথ পরিবার ভেঙে একক পরিবারে পরিণত হওয়ায় মানুষের সামাজিক ও মানসিক সহায়তার পরিধি কমে গেছে।
সিরাজগঞ্জ রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বাবুল হোসেন বলেন, আগে মানুষ সংকটে পড়লে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের কাছ থেকে সহজেই মানসিক সমর্থন পেতেন। বর্তমানে অনেকেই নিজের কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখেন। সময়ের সঙ্গে সেই চাপ বাড়তে বাড়তে হতাশায় রূপ নেয় এবং শেষ পর্যন্ত ভয়াবহ সিদ্ধান্তের কারণ হতে পারে।
তিনি আরও বলেন, অনেক অভিভাবক সন্তানের শিক্ষাগত সাফল্য ও ক্যারিয়ার নিয়ে যতটা সচেতন, তাদের মানসিক অবস্থার প্রতি ততটা গুরুত্ব দেন না। ফলে তরুণদের অনেক সমস্যা অদৃশ্যই থেকে যায়।
বর্তমান সময়ে তরুণদের জীবনে প্রতিযোগিতা, বেকারত্ব, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং সামাজিক প্রত্যাশার চাপ আগের তুলনায় অনেক বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাব।
অনলাইনে নেতিবাচক মন্তব্য, ব্যক্তিগত তথ্য ফাঁস, সম্পর্কের টানাপোড়েন কিংবা সাইবার বুলিং অনেকের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা মনে করেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজকে এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আইন বিশেষজ্ঞদের মতে, পারিবারিক সহিংসতা, দাম্পত্য সমস্যা এবং অর্থনৈতিক চাপ বর্তমানে আত্মহত্যার অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির কর্নেলের মতে, অনেক মানুষ আইনি সহায়তা, সামাজিক সহযোগিতা কিংবা কাউন্সেলিং গ্রহণের পরিবর্তে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, পারিবারিক বিরোধের ক্ষেত্রে আলোচনার সংস্কৃতি গড়ে তোলা, মধ্যস্থতার সুযোগ বাড়ানো এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণকে উৎসাহিত করা জরুরি। পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সামাজিক সংগঠনগুলোকেও আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
জেলা পুলিশের বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ ঘটনায় তাৎক্ষণিক আবেগ, হতাশা এবং মানসিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ জানান, প্রতিটি ঘটনার তদন্তে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দেখা যায়, অনেকেই সাময়িক সমস্যাকে স্থায়ী সংকট হিসেবে বিবেচনা করেছিলেন। অথচ সময়মতো সহানুভূতি, পরামর্শ বা মানসিক সহায়তা পেলে অনেক ঘটনাই প্রতিরোধ করা সম্ভব হতো।
আত্মহত্যা প্রতিরোধে সিরাজগঞ্জ জেলা পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, কাউন্সেলিং এবং সামাজিক প্রচারণা পরিচালনা করছে।
এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে। বিশেষজ্ঞরা মনে করেন, এসব উদ্যোগ আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
স্থানীয়দের মতে, আগের তুলনায় মানুষ এখন অনেক বেশি একাকী হয়ে পড়ছে। কর্মব্যস্ত জীবন, প্রযুক্তিনির্ভর যোগাযোগ এবং সামাজিক দূরত্বের কারণে অনেকেই নিজের কষ্ট প্রকাশের সুযোগ পাচ্ছেন না।
একসময় প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং পরিবারের সদস্যরা বিপদের সময়ে পাশে দাঁড়াতেন। বর্তমানে সেই সামাজিক বন্ধন অনেকটাই দুর্বল হয়ে গেছে। ফলে মানসিক সংকটে থাকা মানুষ আরও নিঃসঙ্গ হয়ে পড়ছেন।
সমাজ সচেতন ব্যক্তিরা মনে করেন, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত কথা বলা, তাদের অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়া এবং আচরণগত পরিবর্তন দ্রুত শনাক্ত করা অত্যন্ত প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, আত্মহত্যা কেবল ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়; এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ছাড়া এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়।
সমাজের তরুন তরুনেদের পারিবারিক সু শিক্ষা সহ স্কুল-কলেজে মানসিক স্বাস্থ্য শিক্ষা চালু করা,শিক্ষার্থীদের জন্য নিয়মিত কাউন্সেলিং সেবা নিশ্চিত করা,অভিভাবকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি,
তরুণদের জন্য নিরাপদ ও সহায়ক সামাজিক পরিবেশ গড়ে তোলা,সহজলভ্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা,মানসিক সমস্যাকে লজ্জার বিষয় না ভেবে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার সংস্কৃতি গড়ে তোলা এবং সমন্বিত উদ্যোগই হতে পারে কার্যকর সমাধান।
বিশেষজ্ঞদের মতে, আত্মহত্যা প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং গণমাধ্যম সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সংকটে থাকা মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, বিচার না করে সহমর্মিতা দেখানো এবং সময়মতো পেশাদার সহায়তার সঙ্গে যুক্ত করা গেলে বহু প্রাণহানি প্রতিরোধ করা সম্ভব। মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা এবং সহায়তা নেওয়ার পরিবেশ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ।

