জেলা প্রতিনিধি, যশোর, ৮ সেপ্টেম্বর : ভারতে পাচার হওয়া ২ কিশোরী সাজাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে।
মঙ্গলবার বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানান।
ফেরত আসারা হলেন, নড়াইলের মহিষখোলা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস(১৮) ও একই গ্রামের
জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস(১৯)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে তারা ২০২৪ সালের ০৪ অগাস্ট
অবৈধভাবে সীমান্তের চোরাপথ দিয়ে ভারতে যায়। বেঙ্গালুরু শহরে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ২৭ অগাস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক হয়।
পরে তাদেরকে আদালতের মাধ্যমে বালাকিরা বালামন্দির এর গার্লস হোম এ রাখা হয়। দু’বছর পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বিকেলে তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংগঠন তাদের পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য গ্রহন করেছেন।
যশোর জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ওয়ার্ককার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


