জেলা প্রতিনিধি, নিউজ বাংলা : পরিবারের ঋণের বোঝা আর অভাব ঘোচাতে দুই বছর আগে স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের ঘাটাইলের আনোয়ার হোসেন (৩৭) নামে এক যুবক। সেই স্বপ্ন আর পূরণ হলো না। কর্মস্থল থেকে ফেরার পথে ঘাতক প্রাইভেটকার কেড়ে নিলো তার প্রাণ। এখন তার নিথর মরদেহের অপেক্ষায় পুরো গ্রাম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নিহত আনোয়ার হোসেনের বড় ভাই সানোয়ার হোসেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
এদিকে, সৌদি আরবে অবস্থানরত নিহতের স্বজন ও সহকর্মীরা দুর্ঘটনার খবরটি তার পরিবারের সদস্যদের জানালে শুরু হয় আহাজারি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ও সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তারা। বেইলা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। কান্না থামছে না মা-বাবা আর ভাইদের।
নিহতের পরিবারের সদস্যরা জানান, জীবিকার তাগিদে দুই বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন আনোয়ার। বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পেয়ে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আবাহ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই সানোয়ার হোসেন জানান, তিন ভাইয়ের মধ্যে আনোয়ার ছিল মেজ। ব্যবসায় ক্ষতিগ্রস্ত ও ঋণের চাপে পাড়ি জমান সৌদিতে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রবাসে গিয়ে এখন তার নিজের প্রাণটাই চলে গেল।
তিনি আরও বলেন, বর্তমানে আনোয়ারের লাশ সৌদি আরবের একটি হাসপাতালের রাখা হয়েছে বলে নিহতের বন্ধুরা জানিয়েছে। লাশ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
সাগরদিঘী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, নিহত আনোয়ার বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। দুঃসময়ে ছাত্রদল ও যুবদলের সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়েছেন। এমন একজন তরতাজা যুবকের আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।



