spot_imgspot_img

সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeজাতীয়রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর ঘিরে উৎসবের আমেজ, চলছে ব্যাপক প্রস্তুতি

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর ঘিরে উৎসবের আমেজ, চলছে ব্যাপক প্রস্তুতি

ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে মির্জা ফখরুল শুধু জাতীয় রাজনীতির পরিচিত ব্যক্তিত্ব নন। অনেকের কাছে তিনি এখনো পরিচিত সেই ‘আলমগীর স্যার’, যিনি এই শহরেরই মানুষ। ফলে রাষ্ট্রপতি হিসেবে তাঁর নিজ মাটিতে ফেরা স্থানীয়দের কাছে গর্ব, আনন্দ ও আবেগের একটি বিশেষ মুহূর্ত হয়ে উঠেছে।

জেলা প্রতিনিধি.৫ সেপ্টেম্বর : রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁও শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাটে এখন উৎসবের আবহ। যাঁর শৈশব-কৈশোর কেটেছে এই শহরের পরিচিত পরিবেশে, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন। তাঁর সরকারি সফরকে ঘিরে জেলা শহরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে পোষ্টারে ছেয়ে গেছে ঠাকুরগাও। কোথাও নির্মাণ করা হচ্ছে তোরণ, কোথাও চলছে আলোকসজ্জার কাজ। পৌরসভার কর্মীরাও ব্যস্ত সময় পার করছেন শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। তৎপরতাও বেড়েছে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের । সব মিলিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে ঠাকুরগাঁওবাসী।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ৬ ও ৭ সেপ্টেম্বর নিজ জেলা ঠাকুরগাঁও সফর করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি কর্মসূচির কারণে সফরটি রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ হলেও স্থানীয় মানুষের কাছে এর আবেগ আরও গভীর।

ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে মির্জা ফখরুল শুধু জাতীয় রাজনীতির পরিচিত ব্যক্তিত্ব নন। অনেকের কাছে তিনি এখনো পরিচিত সেই ‘আলমগীর স্যার’, যিনি এই শহরেরই মানুষ। ফলে রাষ্ট্রপতি হিসেবে তাঁর নিজ মাটিতে ফেরা স্থানীয়দের কাছে গর্ব, আনন্দ ও আবেগের একটি বিশেষ মুহূর্ত হয়ে উঠেছে।

শহরের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে তাঁর আগমন উপলক্ষে প্রস্তুতি দৃশ্যমান হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে কৌতূহল। রাষ্ট্রপতিকে একনজর দেখতে অনেকেই আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমানের স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সফরের প্রথম দিন রোববার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তাঁর অবতরণের কথা রয়েছে। এরপর তিনি জেলা সার্কিট হাউসে যাবেন। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে।

সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে যাবেন। সেখানে তিনি তাঁর বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) এবং মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন।

কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহরের কালীবাড়ি এলাকায় তাঁর নিজ বাসভবনে যাবেন। সেখানে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।

নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতিকে ঘিরে স্থানীয়দের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে এই অনুষ্ঠানে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের প্রথম রাতে সেখানেই তাঁর অবস্থান করার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন।

ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। এই কর্মসূচিকে ঘিরেও স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতি নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রাম করবেন। পরে তিনি জেলা সার্কিট হাউসে যাবেন। সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তাঁর।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ করছেন।

রাষ্ট্রপতির যাতায়াতের সম্ভাব্য পথ, সফরের স্থান এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

নিরাপত্তার পাশাপাশি রাষ্ট্রপতির সফর ঘিরে যাতে সাধারণ মানুষের চলাচলে বড় ধরনের সমস্যা তৈরি না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতির সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু রাষ্ট্রপতি নন, তিনি ঠাকুরগাঁওয়ের সন্তান। দীর্ঘদিন পর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে তিনি নিজের এলাকার মানুষের কাছে ফিরছেন। তাই বিষয়টি স্থানীয়দের জন্য গর্ব ও আবেগের।

তিনি জানান, ঠাকুরগাঁওয়ের মানুষ ভালোবাসা ও সম্মানের সঙ্গে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনও রাষ্ট্রপতির সফরকে ঘিরে মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় তাঁর প্রথম সফর তাই স্থানীয়দের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক জানিয়েছেন, ৬ ও ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দুই দিনের সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সফরের কর্মসূচি, যাতায়াতের পথ এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে এখন ঠাকুরগাঁও শহরের চিত্রই বদলে গেছে। পরিচ্ছন্নতা অভিযান থেকে শুরু করে তোরণ নির্মাণ, আলোকসজ্জা ও নিরাপত্তা প্রস্তুতি সবখানেই ব্যস্ততা।

নিজ শহরের সন্তানকে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্বাগত জানানোর সুযোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আলাদা আবেগ। রাষ্ট্রীয় প্রটোকল ও নিরাপত্তার কঠোরতার মধ্যেও ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা, ভালোবাসা ও গর্ব যেন এই সফরকে স্মরণীয় করে তুলবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ