জেলা প্রতিনিধি, নিউজ বাংলা : সাবেক শিক্ষা উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন আপনাদের বলতে চাই, আপনারা কয়েকদিন পর দেখতে পারবেন যে ফ্যাসিস্ট হাসিনার সাথে জামায়াত ইসলাম ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে কাজ করবে এবং বিষয়টি আপনারা অনুভব করতে পারবেন। আমরা বিশ্বাস করি, তারা যতই ষড়যন্ত্রে লিপ্ত হোক না কেন কোনো কিছু করতে পারবে না।
এদেশের জনগণ সচেতন আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেতন আছে। এই দেশের জনগণ এই সরকারের পাশে থেকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করবে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাম পিন্টু বলেন যখন থেকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে তখন থেকে একটি গোষ্ঠীর মাধ্যমে ষড়যন্ত্র আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আরও ষড়যন্ত্র শুরু হয়েছে এবং তা অনেকেই করে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশের মাটিতে বসে নানা ষড়যন্ত্র করছে এবং তার সাথে সংযুক্ত হয়েছে।
জনগণ সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে অটুট রাখবে এবং বর্তমান সরকারের সাথে থাকবে।
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে আব্দুস সালাম পিন্টু বলেন আপনারা জানেন, এই সরকার নির্বাচনের সময় ৩১ দফার প্রতিশ্রুতি দিয়েছিল এবং ভোটের হাতের মুছে যাওয়ার আগেই প্রধান তারেক রহমান তা বাস্তবায়নের কাজ শুরু করছেন।
এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জেমিনদের ভাতাসহ দেশের উন্নয়ন ও পরিবর্তন যে সমস্ত কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম তা এই সরকার প্রত্যোকটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
ফ্যামিলি কার্ডে তথ্য প্রদানে নারীদের উদ্দেশ্যে সাবেক এই শিক্ষাউপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন সরকার তথ্য সংগ্রহের জন্য লোক নিয়োগ করেছেন। তারা বাড়িতে আপনার কাছে গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
ফ্যামিলি কার্ডের পেছনে আপনারা ঘুরবেন না। কেউ টাকা চাইলে আপনারা দিবেন না। প্রয়োজনে বিষয়টি আমাকে ও ইউএনও, ওসিসহ উপজেলার বিএনপি নেতৃবৃন্দের জানাবেন। অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, পাশাপাশি কেউ ভুল তথ্য প্রদান করলে তিনি ফ্যামিলি কার্ড পাবে না।
এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস,
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম, গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, অর্জুন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ, অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসান প্রমুখ।


