জেলা প্রতিনিধি, সাভার, ৬ সেপ্টেম্বর : ঢাকা সাভারের আমিনবাজারে পুলিশের এক কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বরত ছিলেন। ঘটনার সময় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত অনুমানিক ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটেছে। গাড়ি পার্কিংকে নিয়ে সামান্য বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মদিনা হাউজিংয়ের একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার পার্কিং করা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের সাথে এলাকার কয়েকজনের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আলতাফ হোসেন ও তার ছেলের ওপর হামলা চালানো হয়।
হামলায় দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন।
হামলার পর রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফুল ইসলাম গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একজন কর্মরত পুলিশ কর্মকর্তাকে এভাবে হামলা করে হত্যার অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, আমিনবাজারে এসবির এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বিষয়টি তদন্ত করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই আলতাফ হোসেন ও তার ছেলে হামলার শিকার হন। এ ঘটনায় যারা জড়িত আছেন, তাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। হত্যার প্রকৃত কারণ এবং হামলায় কারা জড়িত ছিল, তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে বলে তিনি জানান।





