জেলা প্রতিনিধি, নিউজ বাংলা : বিএনপির সহযোগী অঙ্গসংগঠন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বর থেকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে র্যালি শেষ করে। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জুলহাস আলম। এর আগে উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌর সভা থেকে দলে দলে নানা স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে বাসস্ট্যান্ড চত্বরে সমবেত হন।
সমাবেশে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে।
বক্তারা আরও বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। বর্তমান সরকার কৃষকদের জন্য কৃষি কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং খাল খননসহ নানা কর্মসূচি চালু করেছে বলে তারা উল্লেখ করেন।
শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরও তার অনুসারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন জানিয়ে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। এ সময় তারা তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর শাখা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা যুবদলের সদস্য সচিব অনির্বান আমীর দুখু, যুগ্ম আহবায়ক ও মেয়র পদপ্রার্থী রাজীব হোসাইন কফিল প্রমুখ।



