জেলা প্রতিনিধি, নিউজবাংলা : সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুল শিক্ষার্থী আশরাফুল হত্যা মামলার আসামিদের দৃস্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নিহত আশরাফুলের মা,বাবা এবং এলাকাবাসী।
এসময় বক্তারা স্কুল শিক্ষার্থী আশরাফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী রফিকুল ইসলামের ফাঁসি এবং সহযোগীদের গ্রেফতারের দাবি জানান।
বক্তারা বলেন ২০২৩ সালের ৩১ আগস্ট খেলার মাঠ থেকে নিখোঁজ হন অস্টম শ্রেণীর ছাত্র আশরাফুল।
এ ঘটনায় মায়ের দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। পরে তদন্ত কর্মকর্তা এসআই মো. আজমল হোসেন এজাহারনামীয় আসামি রফিকুলকে জিজ্ঞাসাবাদে আশরাফুলের নিখোঁজ হওয়ার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পায়। রফিকুল আশরাফুলকে যমুনা নদীর পাড়ে নিয়ে গিয়ে ঘুমের ওষুধ খাওয়ানোর পর নদীতে ফেলে দেওয়ার কথা জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
পরে নদীর স্রোতে আশরাফুলের মরদেহ ভেসে যায় বলে তিনি দাবি করেন। রফিকুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে ৩ বছর পর আশরাফুল নিখোঁজের রহস্য উদ্ঘাটনের দাবি করলেও তার মরদেহ এখনো উদ্ধার করতে পারেনি সিআইডি।


