নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে চলমান আন্দোলন মঙ্গলবারও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনটির নেতাদের দাবি, সোমবারের কর্মসূচি ছিল আন্দোলনের কেবল শুরু, সামনে আরও জোরালো কর্মসূচি দেওয়া হবে।
সোমবার সকালে দিল্লিতে সংসদ অভিযান শুরু করেন আন্দোলনকারীরা। দিল্লি পুলিশের অনুমতি না থাকলেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী যন্তর মন্তর থেকে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে প্রায় ৫ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এ সময় সিজেপির শীর্ষ নেতাসহ অন্তত ৭০ জনকে আটক করে দিল্লি পুলিশ।
বিক্ষোভের মধ্যেই সোমবার বিকেলে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডা। বৈঠক শেষে তিনি আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানালেও আন্দোলনকারীদের মূল দাবিগুলো নিয়ে কোনো আশ্বাস দেননি।
এরপরই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ স্পষ্ট জানিয়ে দেন, আন্দোলন থেকে সরে আসার প্রশ্নই নেই। তাঁর ভাষায়, “সোমবার যা হয়েছে, সেটা তো স্রেফ ট্রেলার ছিল। মঙ্গলবার আবারও সংসদ অভিযান হবে। যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন, ততক্ষণ আন্দোলন চলবে।”
অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকও তাঁর অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
হাসপাতাল থেকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনরত তরুণদের ওপর পুলিশের কঠোর আচরণ দেখে তিনি আরও দৃঢ় হয়েছেন। তাঁর দাবি, আন্দোলনকারী প্রতিনিধিদের সংসদ ভবনে গিয়ে সাংসদদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে অথবা সাংসদদের তাঁর সঙ্গে দেখা করতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।
সোমবারের সংঘর্ষ ও ব্যাপক পুলিশি তৎপরতার পর মঙ্গলবারও নতুন করে সংসদ অভিযানের ঘোষণা দিয়েছে সিজেপি। ফলে দিল্লিতে আবারও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। তিনি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণের নিন্দা জানিয়ে আন্দোলনকারীদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।

